logo

কবে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার, জানালেন প্রেস সচিব

ডেইলি স্টার ব্যানার
Published: 05 February, 2026
photo
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, এই প্রক্রিয়া সম্পন্ন হতে সর্বোচ্চ তিন দিন সময় লাগতে পারে এবং আগামী ১৭ বা ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার দায়িত্ব গ্রহণ করতে পারে।

 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেইন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।

 

সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, নির্বাচনের পরপরই নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। এরপর দ্রুততার সঙ্গে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে। সরকারের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন রয়েছে।

 

তিনি আরও বলেন, সর্বোচ্চ দ্রুততার বিষয়টি বিবেচনায় নিলে তিন দিনের মধ্যেই এই প্রক্রিয়া শেষ করা সম্ভব। সে হিসাবে ১৫, ১৬ অথবা ১৭–১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার দায়িত্ব নিতে পারে।

 

একই সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে ছড়ানো গুঞ্জনের বিষয়ে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ১৮০ কার্যদিবস ক্ষমতায় থাকবে—এমন দাবি সম্পূর্ণ অপপ্রচার ও উদ্দেশ্যপ্রণোদিত।

 

আবুল কালাম আজাদ বলেন, জনগণকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। অন্তর্বর্তী সরকার শুরু থেকেই স্পষ্টভাবে জানিয়েছে, নির্বাচন শেষে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তর করে সরকার দায়িত্ব ছাড়বে।