logo

জাতির ভবিষ্যৎ শিশুদের যত্ন, শিক্ষা ও মূল্যবোধের ওপর নির্ভরশীল: যুক্তরাষ্ট্রে গ্লোবাল সামিটে ডা. জুবাইদা রহমান

ডেইলি স্টার ব্যানার
Published: 25 March, 2026
photo
যুক্তরাষ্ট্রে গ্লোবাল কোয়ালিশন সামিট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শিশুদের যত্ন, নিরাপদ পরিবেশে বেড়ে ওঠা, বাংলাদেশের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’ কর্মসূচি, এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “প্রতিটি জাতির ভবিষ্যৎ তাদের শিশুদের যত্ন, শিক্ষা ও মূল্যবোধের ওপর নির্ভরশীল। ” একই সঙ্গে তিনি অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল ভবিষ্যৎ গড়ে তুলতে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান।

 

মঙ্গলবার (২৪ মার্চ) মার্কিন পররাষ্ট্র দপ্তরে সম্মেলনের উদ্বোধন করেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

 

ওয়াশিংটনে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প-এর আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সামিট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

 

বিশ্বের ৪০টিরও বেশি দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণীদের অংশগ্রহণে এই সম্মেলনটি শিশুদের কল্যাণ ও সম্ভাবনা উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।

 

সম্মেলনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের শীর্ষ ১১টি প্রযুক্তি প্রতিষ্ঠান শিশুদের শিক্ষার উন্নয়নে উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করে। ডা. জুবাইদা রহমান প্রদর্শনীটি পরিদর্শন করেন এবং এডটেকের ভূমিকার প্রশংসা করেন।

 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের নেওয়া ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’ উদ্যোগ পরিবারগুলোকে আর্থিকভাবে শক্তিশালী করছে এবং শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করছে। একজন চিকিৎসক হিসেবে তিনি প্রতিটি শিশুর জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

 

নারী ক্ষমতায়নের প্রসঙ্গ তুলে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র অবদান স্মরণ করেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগের কথা উল্লেখ করেন। তিনি বলেন, “নারী ক্ষমতায়িত হলে শিশুরা সমৃদ্ধ হয়।”

 

সম্মেলনের সমাপনী অধিবেশন বুধবার (২৫ মার্চ) হোয়াইট হাউস-এ অনুষ্ঠিত হবে, যেখানে ডা. জুবাইদা রহমান অংশগ্রহণ করবেন।

 

এ সফরে তার সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, প্রধানমন্ত্রীর সিনিয়র চিকিৎসা কর্মকর্তা ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ এবং নারী উদ্যোক্তা মেহনাজ মান্নান। এছাড়া যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম ও ডেপুটি চিফ অব মিশন ডি. এম. সালাহউদ্দিন মাহমুদও উপস্থিত ছিলেন।