ডেইলি স্টার ব্যানার
জার্মানির ফ্রাঙ্কফুর্টে শহরে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী। সম্প্রতি শহরের সালবাও হাউস গালুসে মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণে মিলনমেলায় রূপ নেয় পুরো আয়োজন।
পবিত্র কোরআন তেলাওয়াত এবং সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ফ্রাঙ্কফুর্টসহ আশপাশের বিভিন্ন শহরে বসবাসরত বিক্রমপুর-মুন্সিগঞ্জবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর। প্রবাসে থেকেও নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করার এক অনন্য উদাহরণ তৈরি করে এ আয়োজন।
সমিতির সভাপতি হাকিম টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন সহসভাপতি মাসুদ রেজা।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের ঈদের শুভেচ্ছা জানিয়ে বিক্রমপুর-মুন্সিগঞ্জের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন সংগঠনের সদস্য হাফিজুর রহমান আলম। এ সময় বিক্রমপুর-মুন্সিগঞ্জ অঞ্চলের ঐতিহাসিক নিদর্শন ও প্রত্নতাত্ত্বিক স্থাপনার স্থিরচিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিতদের আগ্রহ জাগায়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ আলী পাটোয়ারী ও শেখ মোহাম্মদ শাহজাহান। সাংস্কৃতিক পর্বে মিসেস নিম্মি কাদের ও মিসেস মুক্তা খানের সুরেলা সংগীত এবং হাফিজুর রহমান আলমের হৃদয়স্পর্শী আবৃত্তি উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
আয়োজকরা জানান, প্রবাসে আয়োজিত এ ধরনের অনুষ্ঠান দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করে।
অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য পরিবেশন করা হয় বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার।
সব মিলিয়ে, প্রবাসে দেশীয় আবহে আয়োজিত এ ঈদ পুনর্মিলনী অংশগ্রহণকারীদের জন্য হয়ে ওঠে এক স্মরণীয় ও আনন্দঘন আয়োজন