Daily Star Banner
রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একটি আধুনিক, সমৃদ্ধ ও প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণে দক্ষ, মেধাভিত্তিক এবং জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী এবং সৃজনশীল মানবসম্পদ তৈরি করতে বদ্ধপরিকর। তিনি বলেন, দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে যদি যোগ্য ও দক্ষ জনবল না থাকে, তবে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। তাই একটি দক্ষ জনপ্রশাসন ব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই।
বিয়াম ফাউন্ডেশনের কার্যক্রম ও অগ্রযাত্রার প্রশংসা করে সরকারপ্রধান বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই এই প্রতিষ্ঠানটি একটি সুদক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সরকার ভবিষ্যতেও প্রশাসনের সক্ষমতা বাড়াতে এই ধারা অব্যাহত রাখতে চায়।
জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, এই অভ্যুত্থান আবারও স্পষ্ট করে দিয়েছে যে রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ যে জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক এবং জনকল্যাণমুখী শাসনব্যবস্থার স্বপ্ন দেখেছিল, বর্তমান সরকার সেই জনআকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটাতে কাজ করছে।
জনপ্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আধুনিক রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরও জনমুখী হতে হবে। জনগণের সেবক হিসেবে নিজেদের যোগ্য ও দক্ষ করে তুলতে প্রশিক্ষণের ওপর বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেন তিনি।
উল্লেখ্য, ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, মন্ত্রিপরিষদের সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।