logo

বিয়ের অনুষ্ঠানে ব্যাঘাত না হওয়ার জন্য বিএনপির কর্মসূচি আগে শেষ করে দিলেন প্রধানমন্ত্রী

ডেইলি স্টার ব্যানার
Published: 10 May, 2026
photo
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর ফার্মগেইটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে পূর্বনির্ধারিত দিনব্যাপী বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


অনুষ্ঠান চলাকালীন সন্ধ্যার দিকে তিনি জানতে পারেন, একই মিলনায়তনের নিচতলায় একটি বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বিষয়টি জানার পরপরই তিনি বিএনপির কর্মসূচি সংক্ষিপ্ত করার নির্দেশ দেন। পাশাপাশি তাঁর নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দেন, তাঁর উপস্থিতির কারণে যাতে বিয়ের অনুষ্ঠানে আগত অতিথিদের প্রবেশ কিংবা আয়োজনে কোনো ধরনের অসুবিধা না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।


নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে নির্দেশনা বাস্তবায়নে কাজ শুরু করেন। পরে নির্ধারিত সময়ের আগেই বিএনপির মতবিনিময় সভা শেষ করা হয়।


অনুষ্ঠান শেষে মিলনায়তন থেকে বের হয়ে গাড়িতে ওঠার আগে তারেক রহমান দেখতে পান, বিয়ের সাজে কনে দাঁড়িয়ে আছেন তাঁকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাতে। এ সময় তিনি নবদম্পতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বর-কনেকে শুভেচ্ছা ও শুভকামনা জানান।


এছাড়া বিএনপির অনুষ্ঠানের কারণে বিয়ের আয়োজনে কোনো ধরনের অসুবিধা হয়ে থাকলে তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, আগে বিষয়টি জানলে বিকেলেই বিএনপির অনুষ্ঠান শেষ করে দিতেন।


এ সময় উপস্থিত অতিথিরা প্রধানমন্ত্রীর মানবিক ও সৌজন্যমূলক আচরণের প্রশংসা করেন। অনুষ্ঠানে উপস্থিত অনেকেই বলেন, ব্যস্ত রাজনৈতিক কর্মসূচির মাঝেও সাধারণ মানুষের অনুভূতি ও ব্যক্তিগত আয়োজনের প্রতি তাঁর সম্মান প্রদর্শন দায়িত্বশীল নেতৃত্বের পরিচয় বহন করে।