ডেইলি স্টার ব্যানার
নিজস্ব প্রতিবেদক
শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা যেন কোনোভাবেই স্বাভাবিক জীবনযাপনের অন্তরায় না হয়, সে লক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা ও সব ক্ষেত্রে প্রবেশাধিকার নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. জোবাইদা রহমান। তিনি বলেছেন, দেশের বাস, ট্রেন ও লঞ্চে প্রতিবন্ধীদের জন্য বিনা ভাড়ায় যাতায়াতের আইনি বিধান করা হবে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে রাজধানীর কড়াইল বস্তিতে ‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিবন্ধী শিশু-কিশোরদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমকে কেন্দ্র করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
ডা. জোবাইদা রহমান বলেন, বর্তমান সময়ে বিজ্ঞানের সহায়তায় বিশেষভাবে সক্ষম শিশু-কিশোরদের জন্য সঠিক ও সময়োপযোগী সহযোগিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। নির্দিষ্ট সময়ে চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন সেবা পেলে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ সম্ভব।
তিনি বলেন, “‘শিশু স্বর্গ’ প্রকল্প শুধু শিশু-কিশোরদের জন্য নয়, তাদের মায়েদের জন্যও একটি কার্যকর সাপোর্ট গ্রুপ হিসেবে কাজ করবে। আত্মবিশ্বাসই মা ও শিশুদের বিষণ্নতার অন্ধকার থেকে স্বাবলম্বী ভবিষ্যতের পথে এগিয়ে নিতে পারে। ”
ডা. জোবাইদা আরও বলেন, প্রতিবন্ধীবান্ধব জাতীয় নাগরিক সেবা গড়ে তুলতে হবে, যাতে সমাজে তাদের মর্যাদা ও অধিকার নিশ্চিত হয়। প্রতিটি বিশেষভাবে সক্ষম শিশু পরিবার, সমাজ ও দেশের জন্য অনুকরণীয় হয়ে উঠতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
এ ছাড়া ‘শিশু স্বর্গ মডেল’ বিষয়ক সেমিনারে বাংলাদেশে ইউনিসেফের ভারপ্রাপ্ত প্রতিনিধি স্ট্যানলি গোয়াভুয়া, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম (রিজু), ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান (মিল্টন) এবং প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) উপস্থিত ছিলেন।