logo

মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে যাওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

ডেইলি স্টার ব্যানার
Published: 02 June, 2026
photo

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং পাঁচজন কর্মকর্তার মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের প্রস্তাব অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো সার-সংক্ষেপে প্রধানমন্ত্রী তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন।

 

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, বিদেশি প্রতিষ্ঠান Valent BioSciences LLC-এর অর্থায়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি প্রতিনিধি দলের যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। সফরের উদ্দেশ্য ছিল মশক নিধন কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন উদ্ভাবনী পদ্ধতি ও প্রযুক্তি পরিদর্শন করা।

 

তবে এ বিষয়ে মতামত দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে। ”

 

প্রধানমন্ত্রীর এই মন্তব্য প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বিদেশ সফরের পরিবর্তে স্থানীয় বাস্তবতা ও মাঠপর্যায়ের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার বার্তাই এতে প্রতিফলিত হয়েছে।

 

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য স্থানীয় পরিবেশ, জলাবদ্ধতা, ডোবা-নালা এবং নগর ব্যবস্থাপনার সমস্যাগুলো গভীরভাবে পর্যবেক্ষণ ও সমাধান করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে বিদেশি অভিজ্ঞতা উপকারী হলেও স্থানীয় বাস্তবতাভিত্তিক উদ্ভাবন ও কার্যক্রম অধিক ফলপ্রসূ হতে পারে।

 

উল্লেখ্য, দেশে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনগুলো নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে প্রতি বছর বর্ষা মৌসুমে মশার উপদ্রব ও ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কার্যকর ও টেকসই সমাধান নিয়ে জনমনে উদ্বেগ রয়েছে।