logo

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি, উদ্বোধন হবে স্মৃতি জাদুঘর

ডেইলি স্টার ব্যানার
Published: 05 August, 2026
photo
.

রফিক উজ্জামান:

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আগামী ৫ আগস্ট জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দেবেন। একই সঙ্গে দেশের ৬৪ জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সংবর্ধনা, আলোকচিত্র প্রদর্শনীসহ নানা কর্মসূচি পালিত হবে।

 

মঙ্গলবার প্রকাশিত এক সরকারি তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে।

 

উদ্বোধন হবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর

সরকারি কর্মসূচি অনুযায়ী, ৫ আগস্ট সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করবেন।

 

একই দিন সকাল ১১টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

 

সারা দেশে পালিত হবে জুলাই গণঅভ্যুত্থান দিবস

সরকারি কর্মসূচির অংশ হিসেবে দেশের সব জেলায় জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা, রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে।

 

এ ছাড়া জাতীয় দৈনিকগুলোতে বিশেষ নিবন্ধ, সাহিত্য-সাময়িকী ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টেলিভিশন, এফএম ও কমিউনিটি রেডিওতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিশেষ অনুষ্ঠান ও আলোচনা সম্প্রচার করা হবে।

 

আলোকচিত্র প্রদর্শনী, আলোকসজ্জা ও বিশেষ আয়োজন

ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশনের মিনিপোলে জুলাই আন্দোলনের দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। রাজধানীসহ বিভিন্ন শহরের প্রধান সড়ক, সড়কদ্বীপ এবং জুলাই স্মৃতিস্তম্ভ জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও আলোকসজ্জায় সজ্জিত করা হবে।

 

বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতেও দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বাদ জোহর বা সুবিধাজনক সময়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে।

 

বিনা টিকিটে জাদুঘর পরিদর্শন, শিশুদের জন্য উন্মুক্ত থাকবে বিনোদন কেন্দ্র

দিবসটি উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ করা হবে। সরকারি ও বেসরকারি স্বায়ত্তশাসিত জাদুঘরগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের জন্য বিনা টিকিটে উন্মুক্ত থাকবে। পাশাপাশি শিশুদের জন্য সরকারি ও বেসরকারি বিনোদন কেন্দ্রেও বিনা টিকিটে প্রবেশের ব্যবস্থা রাখা হবে।

 

এ ছাড়া দেশের সরকারি হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার, শিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, ডে-কেয়ার ও শিশু বিকাশ কেন্দ্র এবং ভবঘুরে প্রতিষ্ঠানগুলোতে বিশেষ প্রীতিভোজের আয়োজন করা হবে।

 

এর আগে, গত ৩০ জুলাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে তথ্য ভবনে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক প্রকাশনার মোড়ক উন্মোচন, আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।