logo

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে ড্যাবের অভিনন্দন

ডেইলি স্টার ব্যানার
Published: 21 August, 2026
photo

ঢাকা: বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

 

ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।

 

বিবৃতিতে ড্যাব নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ৩৫ বছর পর দেশে সরাসরি প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদ সদস্যদের ভোটে নিরঙ্কুশ বিজয় অর্জনের মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সাংবিধানিক সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হয়েছেন। তাঁদের মতে, এটি তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের ত্যাগ, নিষ্ঠা এবং গণতান্ত্রিক আন্দোলনে অবদানের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

 

ড্যাব নেতৃবৃন্দ আরও বলেন, ছাত্রজীবন থেকে শুরু করে দীর্ঘ রাজনৈতিক পথচলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সততা, দূরদর্শিতা ও ধৈর্যের পরিচয় দিয়েছেন। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ও দীর্ঘদিনের কর্মকাণ্ডের ধারাবাহিকতায় রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তাঁর নির্বাচিত হওয়াকে তাঁরা তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন।

 

অভিনন্দন বার্তায় ড্যাব নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, একজন অভিজ্ঞ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ও সুসংহত করতে ভূমিকা রাখবে।

 

তাঁরা বলেন, রাষ্ট্রপতি হিসেবে তাঁর প্রজ্ঞা, রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্বের দক্ষতা জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং সাংবিধানিক পদের মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিতে তাঁর নেতৃত্ব কার্যকর হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ড্যাব নেতৃবৃন্দ।

 

বিবৃতির শেষাংশে ড্যাবের পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করা হয়।

 

দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেলের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।