Daily Star Banner
ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেছেন, বিএনপি উন্নয়নের রাজনীতি করে, দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে। আগামীতে বিএনপিকে আরও শক্তিশালী করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুরে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে কার্যালয় চত্বরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা, পৌর ও ইউনিয়নের দলের মনোনীত প্রার্থীর পক্ষে সকলকে কাজ করে সেই প্রার্থীকে অবশ্যই বিজয়ী করতে হবে। বিএনপির নির্বাচনের প্রতিশ্রুতি হিসেবে জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন করা হবে।
এর আগে, এদিন সকালে জেলার সাত উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপির খণ্ড খণ্ড মিছিল দলীয় কার্যালয়ের সামনে এসে সমবেত হয়। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান বক্তা ছিলেন গাইবান্ধা ১, ২, ৩ ও ৫ আসনের সংরক্ষিত সংসদ সদস্য মমতাজ আলো।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি রংপুুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিম, জেলা যুবদল সভাপতি রাগিব হাসান চৌধুরীসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব ও পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ। পরে একটি বর্ণাঢ্য র্যালিটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।