Daily Star Banner
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক রোগীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনদের সঙ্গে উত্তেজনার একপর্যায়ে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে বিপুলসংখ্যক চিকিৎসক ও শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছে ড্যাব।
সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, হামলায় প্রায় ৫০ জন চিকিৎসক এবং ১৫ জনের মতো মেডিকেল শিক্ষার্থী আহত হয়েছেন। দায়িত্ব পালনরত চিকিৎসকদের ওপর এ ধরনের হামলার ঘটনায় চিকিৎসক সমাজ অত্যন্ত মর্মাহত। মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসকরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন। কর্মস্থলে তাদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
ড্যাব নেতারা বলেন, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে রোগীদের কাঙ্ক্ষিত ও নিরবচ্ছিন্ন সেবাও বাধাগ্রস্ত হতে পারে।
তারা আরও বলেন, চিকিৎসকরা মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও দায়িত্ব পালনের সময় তাদের নিরাপত্তা নিয়ে বারবার উদ্বেগ তৈরি হচ্ছে। চিকিৎসকদের ওপর হামলা শুধু ব্যক্তিগত নিরাপত্তার জন্য হুমকি নয়, এটি সামগ্রিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপরও নেতিবাচক প্রভাব ফেলে।
এ ঘটনায় জড়িত প্রত্যেককে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ড্যাব।
একই সঙ্গে দেশের হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছে সংগঠনটি। চিকিৎসকসহ সব স্বাস্থ্যকর্মীর জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়েছে।