logo

নাটোরে চেম্বারে ঢুকে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা, জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি ড্যাবের

Daily Star Banner
Published: 03 September, 2026
photo
.

নাটোরের সদর উপজেলার চাঁদপুর বাজারে নিজ চেম্বারে ঢুকে হোমিওপ্যাথিক চিকিৎসক আনোয়ারুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। একই সঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

 

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বৃষ্টির মধ্যেই একদল অজ্ঞাত দুর্বৃত্ত চাঁদপুর বাজারে চিকিৎসক আনোয়ারুল ইসলামের চেম্বারে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনার প্রতিবাদ জানিয়ে দেওয়া এক যৌথ বিবৃতিতে ড্যাবের সম্মানিত সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল বলেন, একজন চিকিৎসককে তার নিজ চেম্বারে ঢুকে নির্মমভাবে হত্যা করা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। এ ধরনের ঘটনা চিকিৎসক সমাজকে গভীরভাবে মর্মাহত করেছে।

 

বিবৃতিতে তারা বলেন, চিকিৎসকরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে দিন-রাত নিরলসভাবে রোগীদের সর্বোচ্চ  চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। অথচ চিকিৎসকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এই হত্যাকাণ্ড প্রমাণ করে চিকিৎসক সমাজ আজ মারাত্মক হুমকির সম্মুখীন এবং চিকিৎসকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

 

ড্যাব নেতারা আরও বলেন, চিকিৎসকদের নিরাপত্তা বিঘ্নিত হলে রোগীদের মানসম্মত ও নির্বিঘ্ন চিকিৎসাসেবা প্রদান বাধাগ্রস্ত হবে। তাই স্বাস্থ্যসেবা ব্যবস্থার স্বার্থে হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকসহ সব স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

 

বিবৃতিতে ড্যাবের পক্ষ থেকে ঘটনার সঙ্গে জড়িত সব অপরাধীকে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। একই সঙ্গে দেশের সব হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা জোরদার করে চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

 

বিবৃতিতে স্বাক্ষর করেন ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল।