logo

আরও ৪ সংসদীয় কমিটি গঠন

Daily Star Banner
Published: 07 September, 2026
photo
.

জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। সোমবার জাতীয় সংসদে কার্যপ্রণালী-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও পিটিশন কমিটি গঠন করা হয়।


প্রথম তিনটি কমিটি গঠনের প্রস্তাব করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। প্রস্তাবগুলো কণ্ঠভোটে গৃহীত হয়। পরে পিটিশন কমিটির সদস্যদের মনোনয়ন দেওয়া হয়।


নতুন চারটি নিয়ে এ পর্যন্ত ৪০টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে ৩১টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং নয়টি সংসদবিষয়ক কমিটি।


জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ১১টি সংসদবিষয়ক কমিটি।


এদিন কার্যপ্রণালী-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পিটিশন কমিটির সভাপতি হয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।


গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশাকে।


সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন। এ কমিটিতে প্রথমে জামায়াত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে সদস্য রাখা হয়েছিল। তখন এ নিয়ে সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ মনি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের মধ্যে আলোচনা হয়। পরে বিরোধীদলীয় নেতার আপত্তির পর গাজী নজরুলের নাম বাদ দিয়ে কমিটি পুনর্গঠন করা হয়।