logo

অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য ঢাকা গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন: পানিসম্পদ মন্ত্রী

Daily Star Banner
Published: 09 September, 2026
photo
.

‎‎পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ঢাকা শুধু একটি শহর নয়, এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সংগ্রামের ধারক। ৪১৬ বছরের ঢাকার ঐতিহ্যকে ধারণ করে একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য নগরী গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন।


‎আজ রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।


পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, চিত্রাংকনসহ সৃজনশীল কর্মকাণ্ড শিশুদের আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতিভাকে যথাযথ মূল্যায়ন করা আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। ৪১৬ বছরে ঢাকা ব্যানারে মাসব্যাপী বিভিন্ন আয়োজনের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নতুনভাবে ঢাকাকে মানুষের সামনে তুলে ধরায় ধন্যবাদ জানান তিনি।


‎এ্যানি আরও বলেন, সাংস্কৃতিক অঙ্গণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য। তিনি শিশু একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন। সঠিক সংস্কৃতি চর্চার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন চারুকলা ও শিল্পকলা প্রতিযোগিতা আয়োজন করেছিলেন। জিয়ার ধারাবাহিকতায় খালেদা জিয়া দুস্থ শিল্পীদের অনুদান বাড়ানোসহ সাংস্কৃতিক চর্চায় বহুমুখী কার্যক্রম হাতে নিয়েছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া পরিবারের যোগ্য উত্তরসূরী হিসেবে সংস্কৃতি অঙ্গণের উন্নয়নে প্রয়োজনীয় সকল কিছু করবেন বলে জানান মন্ত্রী।


‎‎ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ খয়বর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারুশিল্পী অধ্যাপক ড. আবদুস সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আযহারুল ইসলাম শেখ প্রমুখ।