logo

ট্রাম্প-পুতিন ফোনালাপের পরপরই রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলা

Daily Star Banner
Published: 09 September, 2026
photo
.

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সাম্প্রতিক এক ফোনালাপের কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টাপাল্টি প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া ও ইউক্রেন। উভয় দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে চালানো এই হামলায় অন্তত ৬ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।


রাশিয়ার পশ্চিম উপকূলীয় শহর নোভোরোসিস্কে ইউক্রেনের ড্রোন হামলায় এক শিশুসহ চারজন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কোন্দ্রেতিয়েভ। শহরের মেয়র আন্দ্রে ক্রাভচেঙ্কো জানান, ড্রোনের ধ্বংসাবশেষ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান এবং একটি আবাসিক ভবনের কাছে এসে পড়ে। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা রাতভর ইউক্রেনের ৫৯৬টি ড্রোন ভূপাতিত করেছে।


ইউক্রেনেও রাশিয়ার হামলায় প্রাণহানি ঘটেছে। ওডেসা অঞ্চলের গভর্নর ওলেগ কিপার জানান, মলদোভা সীমান্তের স্টারোকোজাচে আন্তর্জাতিক সড়ক চেকপয়েন্টে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত দুজন বেসামরিক নাগরিক নিহত এবং তিনজন আহত হন। এই হামলার পর ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনী চেকপয়েন্টটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে।


যুদ্ধের অবসানে চলমান কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে ট্রাম্প ও পুতিনের মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়। ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ জানিয়েছেন, ইউরোপের প্রতি রাশিয়ার কোনো আগ্রাসী পরিকল্পনা নেই বলে ট্রাম্পকে আশ্বস্ত করেছেন পুতিন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানান, ওয়াশিংটন এখন ভূমির বাস্তব পরিস্থিতি স্বীকার করে নিচ্ছে এবং ইউক্রেনের ন্যাটোতে যোগদানের বিরোধিতা করছে। লাভরভের মতে, ট্রাম্প ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করার বিষয়টি ইতিমধ্যেই শেষ হয়ে যাওয়া অধ্যায় বলে উল্লেখ করেছেন।


এদিকে শীত মৌসুমের আগে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে নরওয়ে সফর করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।


সূত্র: টিআরটি ওয়ার্ল্ড