logo

আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো

Daily Star Banner
Published: 09 September, 2026
photo
.

লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলে শুরু হচ্ছে নতুন এক অধ্যায়। দীর্ঘদিনের অধিনায়কের জায়গায় এবার আলবিসেলেস্তেদের নেতৃত্বের ভার উঠছে ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরোর কাঁধে। ২৮ বছর বয়সী এই ডিফেন্ডারকেই নতুন অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।


২০২৬ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন মেসি। একই সঙ্গে নিকোলাস ওতামেন্দির বিদায়েও দলের নেতৃত্বে তৈরি হয়েছে শূন্যতা। সেই শূন্যস্থান পূরণে রোমেরোকেই সবচেয়ে যোগ্য মনে করেছে আর্জেন্টিনার কোচিং স্টাফ।


আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গাস্তন এদুল জানিয়েছেন, বিশ্বকাপ শুরুর অনেক আগেই রোমেরোকে পরবর্তী অধিনায়ক করার পরিকল্পনা করে রেখেছিল স্কালোনির কোচিং স্টাফ। ফলে মেসির বিদায়ের পর অধিনায়ক নির্বাচন নিয়ে শেষ পর্যন্ত বড় কোনো চমক দেখা যায়নি।


জাতীয় দলের জার্সিতে রোমেরোর পথচলাও কম বর্ণিল নয়। আর্জেন্টিনার সাম্প্রতিক সোনালি সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপের শিরোপা জয়ে রক্ষণভাগের এই তারকার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।


শুধু রক্ষণ সামলানোতেই নয়, মাঠে তার আগ্রাসী মানসিকতা ও নেতৃত্বগুণও দীর্ঘদিন ধরে নজর কেড়েছে। তাই মেসি-ওতামেন্দির পর নতুন প্রজন্মের নেতৃত্ব তার হাতে তুলে দিয়ে ভবিষ্যতের জন্যও একটি বার্তা দিয়েছে আর্জেন্টিনা।


রোমেরোর নেতৃত্বে আর্জেন্টিনার নতুন যাত্রায় সহ-অধিনায়ক হিসেবে থাকবেন অভিজ্ঞ গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। ফলে নতুন অধিনায়কের পাশে থাকছে বিশ্বজয়ী দলের আরেক পরীক্ষিত নেতা।


মেসির ছায়া পেরিয়ে রোমেরোর সামনে এখন বড় চ্যালেঞ্জ বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখা। কিংবদন্তির বিদায়ের পর নতুন অধিনায়কের হাত ধরেই শুরু হতে যাচ্ছে আলবিসেলেস্তেদের নতুন অধ্যায়।


সূত্র : ত্রিবুনা ডট কম