logo

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

Daily Star Banner
Published: 09 September, 2026
photo
.

বর্ণিল আয়োজন, প্রতিযোগিতা, তারুণ্যের উচ্ছ্বাস ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সফলভাবে শেষ হয়েছে ‘এসইইউ কালচারাল ফেস্ট সিজন ৩’। সাউথইস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে আয়োজিত তিন দিনব্যাপী এই উৎসবে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।


সাংস্কৃতিক প্রতিভা বিকাশের পাশাপাশি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসার লক্ষ্য নিয়ে ‘সাউথইস্ট কালচারাল সোসাইটি’ এই উৎসবের আয়োজন করে।


উৎসবের উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয় ‘ইন্টার কলেজ কম্পিটিশন’। এতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা নানা প্রতিযোগিতায় অংশ নেন। দিনের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মেধা অন্বেষণমূলক আয়োজন ‘সাউথইস্ট ট্যালেন্ট হান্ট ৪.০’। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে নিজেদের দক্ষতা ও সৃজনশীলতা প্রদর্শন করেন, যা প্রথম দিনেই ক্যাম্পাসে দারুণ উদ্দীপনা তৈরি করে।


আয়োজনের দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয় উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ‘ইন্টার ইউনিভার্সিটি ফোক ফেস্ট ৩.০’। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৭টি বিশ্ববিদ্যালয় এতে অংশ নেয়। ফোক গান, নৃত্য এবং আর্ট—এই তিনটি বিভাগে শিক্ষার্থীরা তাদের লোকজ সংস্কৃতি ও সৃজনশীলতার বৈচিত্র্যময় প্রকাশ ঘটান।


প্রতিযোগিতার ফোক গান বিভাগে সেরা পারফর্ম করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ব্র্যাক ইউনিভার্সিটি। এই বিভাগে প্রথম রানারআপ হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এবং দ্বিতীয় রানারআপ অর্জন করে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)।


অনবদ্য পরিবেশনার মাধ্যমে নৃত্য বিভাগে চ্যাম্পিয়ন শিরোপা ছিনিয়ে নেয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। নৃত্য প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে ইস্টা‌র্ন ইউনিভার্সিটি এবং তৃতীয় স্থান পায় জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সাইন্স।


রঙিন ক্যানভাসে সৃজনশীলতার প্রদর্শন ঘটিয়ে আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আর্ট বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং তৃতীয় স্থান অর্জন করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।


উৎসবের শেষ দিনে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ‘ইন্টার ইউনিভার্সিটি ফোক ফেস্ট ৩.০’-এর বিজয়ী বিশ্ববিদ্যালয়গুলোকে ট্রফির পাশাপাশি প্রাইজমানি প্রদান করা হয়। এছাড়া ‘সাউথইস্ট ট্যালেন্ট হান্ট ৪.০’-এর বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।


পুরস্কার বিতরণী শেষে সাউথইস্ট ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে আয়োজিত হয় মনজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। শিক্ষার্থীদের নাচ, গান ও বৈচিত্র্যময় পরিবেশনায় হলরুম কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।


আয়োজকদের মতে, উৎসবটি শিক্ষার্থীদের মাঝে সাংস্কৃতিক বিনিময় ও সামাজিক সম্প্রীতির এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। তরুণদের সৃজনশীলতা ও সংস্কৃতিচর্চাকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয়ে সফলভাবে পর্দা নামলো এই আয়োজনের।