Daily Star Banner
স্বৈরাচারের দোসররা বিদেশে বসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ‘মব কালচার’ সৃষ্টি এবং নানা ধরনের উসকানি দিয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
রবিবার পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগকে ইঙ্গিত করে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘ আমরা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আপনাদের যদি সৎ সাহস থাকে, তাহলে পালিয়ে না থেকে দেশের আইন-আদালতের মুখোমুখি হন। ’
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘যারা পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে, দেশের সম্পদ লুণ্ঠন করেছে, মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি করেছে—প্রতিটি হিসাব বাংলাদেশের মাটিতেই হবে। ’
আইন-আদালতের মুখোমুখি হয়ে নিজেদের নির্দোষ প্রমাণ করার চ্যালেঞ্জ জানিয়ে মন্ত্রী বলেন, দেশের মানুষ আজ সচেতন। তারা বুঝতে পেরেছে, স্বৈরাচারের দোসররা বিদেশে বসে এআই ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মব কালচার সৃষ্টি করে নানা উসকানি দিয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ সময় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা বিএনপির সদস্য ইউনুস শেখ, যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মনিরুজ্জামান মানিকসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।