Daily Star Banner
যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে উপসাগরীয় দেশগুলো ইরানের সঙ্গে হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে বৈঠক করলেও তাতে কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হরমুজ প্রণালি নিয়ে ইরান ও কয়েকটি উপসাগরীয় দেশের বৈঠকের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এ কথা বলেন। খবর আল-জাজিরার।
আয়ারল্যান্ডের ডুনবেগে নিজের গলফ রিসোর্টে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ওই দেশগুলো ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে চাইলে সেটি তাদের বিষয়।
ট্রাম্প আবারও দাবি করেন, ইরান ‘খুবই মরিয়া হয়ে’ একটি চুক্তি করতে চায়। পাশাপাশি তিনি তার আগের বক্তব্যের পুনরাবৃত্তি করে বলেন, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগেই অথবা নির্বাচন শেষ হওয়ার পরপরই যুদ্ধের অবসান হবে।
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আশা প্রকাশ করেছেন, হরমুজ প্রণালি নিয়ে সোমবার ওমানে অনুষ্ঠেয় বৈঠকটি আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে দেশগুলোর মধ্যে ধারাবাহিক আলোচনার সূচনা করতে পারে।
আল-আরাবি আল-জাদিদকে আরাকচি বলেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলে এই সংলাপকে ভবিষ্যতে ওই অঞ্চলের দেশগুলোর পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনার ভিত্তি হিসেবে কাজে লাগানো সম্ভব।
হরমুজ প্রণালিই বৈঠকের একমাত্র আলোচ্যসূচি হলেও আঞ্চলিক সহযোগিতা বাড়লে বাইরের পক্ষের হস্তক্ষেপ ও চাপিয়ে দেওয়া ব্যবস্থা কমে আসবে বলে মনে করে তেহরান। আরাকচির ভাষ্য, আঞ্চলিক সহযোগিতা যত বাড়বে, অঞ্চলের বাইরে থেকে হস্তক্ষেপ ও চাপিয়ে দেওয়া ব্যবস্থার সুযোগও তত স্বাভাবিকভাবেই কমবে।