ডেইলি স্টার ব্যানার
বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার বিষয়ে আলোচনা চলছে। এসব ট্রেন ঘণ্টায় সাড়ে ৩শ কিলোমিটার গতিতে চলতে পারে। তবে বাংলাদেশের ক্ষেত্রে গতি কিছুটা কম হলেও সমস্যা নেই বলে মন্তব্য করেন তিনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিমানমন্ত্রী বলেন, গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া সরকার আবার ফিরে এসেছে—সারা পৃথিবীতে এমন কোনো নজির নেই। কোনো সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী-এমপি ও নেতারা একসঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনাও নজিরবিহীন। এটিই প্রথম এমন নজির।
আওয়ামী লীগের উদ্দেশে বিমানমন্ত্রী বলেন, যারা ডিসেম্বরে শেখ হাসিনার ফিরে আসার বিষয়ে চিন্তা করছেন, তাদের এই আশা দুরাশা। বরং তাদের নিজেদের শুদ্ধিকরণের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া প্রয়োজন।
দেশের আটটি বিভাগের মধ্যে ময়মনসিংহ ছাড়া সাত বিভাগে বিমানবন্দর থাকার প্রসঙ্গে বিমানমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ৮টি বিমানবন্দর চালু রয়েছে। এর মধ্যে কয়েকটি বিমানবন্দর ভঙ্গুর অবস্থায় রয়েছে। সামনে দেশে বেশ কয়েকটি এয়ারক্রাফট আসছে। তাই আগামী ১০ বছরের মধ্যে নতুন একটি বিমানবন্দর নির্মাণ করতে হবে। এ ক্ষেত্রে ময়মনসিংহ বিভাগকে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি আরও বলেন, শেরপুরের পর্যটন খাতের উন্নয়নে ঝিনাইগাতীতে একটি মোটেল নির্মাণ করা হবে। পাশাপাশি আকস্মিক পাহাড়ি ঢল থেকে রক্ষার জন্য মহারশি ও সোমেশ্বরী নদীতে বাঁধ নির্মাণসহ জেলার উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, শেরপুর-২ আসনের সংসদ সদস্য ফাহিম চৌধুরী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ প্রমুখ।
এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী সার্কিট হাউজ মিলনায়তনে পৌঁছালে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।