Daily Star Banner
প্রয়াত পর্তুগিজ ফুটবলার দিয়োগো জোতাকে নিয়ে গ্যালারিতে কটূক্তির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এ ধরনের আচরণ করা সমর্থকদের আজীবনের জন্য স্টেডিয়ামে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন পর্তুগিজ এই তারকা।
সৌদি প্রো লিগে শনিবার আল-তাওউন ও আল-হিলালের ম্যাচে ঘটনাটি ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আল-হিলালের পর্তুগিজ মিডফিল্ডার রুবেন নেভেসকে লক্ষ্য করে গ্যালারির একাংশ ‘জোতা’ বলে স্লোগান দিচ্ছেন।
গত বছরের ৩ জুলাই স্পেনের জামোরায় সড়ক দুর্ঘটনায় মারা যান দিয়োগো জোতা। একই দুর্ঘটনায় প্রাণ হারান তাঁর ছোট ভাই আন্দ্রে সিলভাও। জোতার ঘনিষ্ঠ বন্ধু রুবেন নেভেস তাঁর শেষকৃত্যে কফিন বহনকারীদের একজন ছিলেন।
ম্যাচ চলাকালে গ্যালারির ওই স্লোগান নেভেসের নজরে আসে। জবাবে তিনি প্রথমে চোখের দিকে আঙুল দেখান এবং পরে আকাশের দিকে ইঙ্গিত করেন। ম্যাচ শেষে মিক্সড জোনে এ নিয়ে কথা বলতে গিয়ে নেভেস বলেন, ‘আশা করি, এই ঘটনার পর তারা আবার গিয়ে প্রার্থনা করবে না।’
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর একটি ইনস্টাগ্রাম পোস্টে প্রতিক্রিয়া জানান রোনালদো। তিনি লিগ কর্তৃপক্ষকে এ ধরনের সমর্থকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
রোনালদো বলেন, ‘এটা আর ফুটবল নয়। এর একটা সীমা থাকা দরকার। যারা এ ধরনের আচরণ করে, তাদের আর কখনও স্টেডিয়ামে ঢোকার অনুমতি দেওয়া উচিত নয়।’
ম্যাচে অবশ্য বড় জয় পেয়েছে আল-হিলাল। আল-তাওউনকে ৬-০ গোলে হারানো ম্যাচটিতে ৭৫ মিনিট খেলেন নেভেস।
ঘটনার পর আনুষ্ঠানিক অভিযোগ করেছে আল-হিলাল। সৌদি আরব ফুটবল ফেডারেশনের (এসএএফএফ) কাছে অভিযোগ দায়েরের কথা জানিয়েছে ক্লাবটি। খেলোয়াড় ও তাঁদের পরিবারের সদস্যদের লক্ষ্য করে ব্যক্তিগত আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করেছে আল-হিলাল।
আল-তাওউনও বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়েছে। ক্লাবটি বলেছে, এ ধরনের আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এটি ক্লাব, সমর্থক কিংবা গ্যালারির মূল্যবোধের প্রতিনিধিত্ব করে না। ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে তারা।
এদিকে এসএএফএফ ও সৌদি প্রো লিগ (এসপিএল) যৌথ বিবৃতিতে গ্যালারির ওই আচরণের নিন্দা জানিয়েছে।
সূত্র: ইএসপিএন