Daily Star Banner
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না। তারা আমাদের সন্তানদের বুকে গুলি চালিয়েছে, গত ১৭ বছর ধরে তারা জেল-জুলুম চালিয়েছে। মানুষের অধিকার হরণ করেছে।
সোমবার দুপুরে নাটোরের লালপুর উপজেলা অডিটোরিয়াম হলে আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সরকার দৃঢ় অবস্থানে রয়েছে। দমন-পীড়ন, সন্ত্রাস কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করে-এমন কোনো কর্মকাণ্ড সরকার মেনে নেবে না। কেউ করলে তা কঠোর হস্তে দমন করা হবে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।
সাধারণ মানুষের দুর্ভোগ ও ভোগান্তি কমাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেন তিনি।