ডেইলি স্টার ব্যানার
সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে শুরু হবে স্থানীয় সরকারের অন্যতম বড় এই নির্বাচন। দেশের সব ইউনিয়ন পরিষদে মোট ৭ ধাপে নির্বাচন সম্পন্ন করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৈঠক শেষে তিনি জানান, দেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে ৭ ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম ধাপের ভোট হবে আগামী ১২ নভেম্বর। দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপের ভোট হবে ৩০ ডিসেম্বর।
পরবর্তী ধাপের ভোটের তারিখ সম্পর্কে নির্বাচন কমিশনার বলেন, চতুর্থ ধাপে আগামী বছরের ১৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর পঞ্চম ধাপের ভোট হবে ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপের ভোটগ্রহণ ২২ এপ্রিল এবং সর্বশেষ সপ্তম ধাপে ভোট হবে ২৭ মে।
প্রথম ধাপের কর্মপরিকল্পনা প্রসঙ্গে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, দেশের ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের মধ্য দিয়ে প্রথম ধাপের নির্বাচন শুরু হতে পারে। তবে এসব সিদ্ধান্ত কমিশন প্রাথমিকভাবে নিয়েছে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনকে সুষ্ঠু ও সর্বজনীন করতে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে বিস্তারিত আলোচনা করবে নির্বাচন কমিশন। কমিশনের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, পুরো কার্যক্রমের তৃতীয় ধাপে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপে বসবে ইসি।