logo

এআই নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ, ঝুঁকির আশঙ্কা নাকচ করলেন ট্রাম্প

ডেইলি স্টার ব্যানার
Published: 14 September, 2026
photo
এআই নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ, ঝুঁকির আশঙ্কা নাকচ করলেন ট্রাম্প

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি নিয়ে বিশেষজ্ঞদের সাম্প্রতিক সতর্কবার্তার পরও এর সম্ভাব্য ঝুঁকিকে খুব একটা গুরুত্ব দিতে রাজি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, এআই নিয়ে অতিরিক্ত নেতিবাচক সতর্কবার্তা দেওয়া হচ্ছে, যার অনেক কিছুই বাস্তবে ঘটবে না। বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

আয়ারল্যান্ড সফরের সময় ট্রাম্প বলেন, এআই নিয়ে ‘অনেক নেতিবাচক শক্তি’ এমন সব বিষয় সামনে আনছে, যেগুলো বাস্তবে ঘটবে না। একই সঙ্গে তিনি দাবি করেন, এআই প্রযুক্তিতে যুক্তরাষ্ট্র চীনের তুলনায় এগিয়ে রয়েছে এবং এই অগ্রগতি ধরে রাখতে চান তিনি। তাঁর ভাষায়, ‘যে এআইয়ে জিতবে, সে-ই জিতবে। ’

 

ট্রাম্পের এমন বক্তব্যের মধ্যেই এআইয়ের দ্রুত বিকাশ নিয়ে সতর্কতা জানিয়েছেন প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিরা। অ্যানথ্রপিকের সাবেক গবেষক জ্যাকব কক্সন বিবিসিকে বলেন, বর্তমান গতিতে এআইয়ের উন্নয়ন অব্যাহত থাকলে মানবজাতির ভবিষ্যৎ নিয়ে তিনি এবং এই প্রযুক্তি তৈরির সঙ্গে জড়িত অনেক কর্মী ‘সত্যিই আতঙ্কিত’। তিনি এআই উন্নয়নের গতি কমানোর ধারণার প্রতি সমর্থন জানিয়েছেন। তবে তাঁর মতে, চীনের সঙ্গে সমন্বয় ছাড়া একতরফাভাবে এমন পদক্ষেপ নেওয়া কঠিন।

 

শনিবার অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেইয়ের এআই উন্নয়নের গতি কমানোর আহ্বানে সমর্থন জানান এক্সএআইয়ের মালিক ইলন মাস্ক এবং ওপেনএআইয়ের প্রধান স্যাম অল্টম্যান। আমোদেই বলেছিলেন, বড় ধরনের কোনো বিপর্যয় এড়াতে এআই উন্নয়নের গতি কমানো দরকার। তবে একই সঙ্গে চীন যাতে এ ক্ষেত্রে এগিয়ে যেতে না পারে, সেটিও নিশ্চিত করতে হবে।

 

এআই নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগের পেছনে সাম্প্রতিক কয়েকটি ঘটনাও ভূমিকা রাখছে। আগস্টে ওপেনএআই জানায়, নিরাপত্তা জোরদারের লক্ষ্যে তারা তাদের কয়েকটি সবচেয়ে উন্নত এআই মডেলের প্রশিক্ষণের গতি কমিয়েছে। প্রতিষ্ঠানটি আরও জানায়, এআই এজেন্টগুলো নিরাপত্তাব্যবস্থার কিছু সীমাবদ্ধতা এড়িয়ে প্রযুক্তি প্রতিষ্ঠান হাগিং ফেসে সাইবার হামলা চালিয়েছিল।

 

একই মাসে প্রকাশ পায়, বিশ্বের শক্তিশালী দুটি এআই ব্যবস্থা সাইবার হামলার সময় মানুষকে বিভ্রান্ত করতে ভুয়া মানবপ্রোফাইল তৈরি করেছিল। যুক্তরাজ্যের এআই সিকিউরিটি ইনস্টিটিউটের (এআইএসআই) তথ্য অনুযায়ী, সবচেয়ে গুরুতর ঘটনায় অ্যানথ্রপিকের ‘মিথোস এআই’ ভুয়া পরিচয়ে অ্যাকাউন্ট খুলে ব্যক্তিগত বার্তা পাঠানোর মাধ্যমে একটি সেবায় প্রবেশের চেষ্টা করে। পরে তারা প্রমাণ গোপন করারও চেষ্টা করে।

 

তবে ট্রাম্প প্রশাসনের অবস্থান হলো, জাতীয় নিরাপত্তার স্বার্থে বৈশ্বিক প্রযুক্তিগত নেতৃত্ব যুক্তরাষ্ট্রের হাতেই রাখা জরুরি। পাশাপাশি এআইয়ের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকার প্রয়োজনীয়তাও প্রশাসন স্বীকার করেছে।

 

এদিকে এআই নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে ওয়াশিংটনে রাজনৈতিক বিতর্কও ক্রমেই তীব্র হচ্ছে। রোববার মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ও শীর্ষ রিপাবলিকান নেতা মাইক জনসন দ্রুত এআই নিয়ন্ত্রণের পথে না যাওয়ার বিষয়ে সতর্ক করেন। সিএনএনের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে তিনি বলেন, কংগ্রেস যদি তাড়াহুড়ো করে জরুরি ভিত্তিতে এআই নিয়ন্ত্রণে আইন প্রণয়ন করে, তাহলে যুক্তরাষ্ট্র প্রতিযোগিতায় চীনের কাছে পিছিয়ে পড়তে পারে। তাঁর মতে, এ ক্ষেত্রে ‘ভারসাম্য’ বজায় রাখা জরুরি।

 

অন্যদিকে প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস এআইয়ের উন্নয়নের গতি কমিয়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, এআইয়ের অগ্রগতি যেন নিরাপদভাবে হয়, তা নিশ্চিত করতে আইনপ্রণেতাদের ‘দৃঢ় পদক্ষেপ’ নেওয়া দরকার।

 

ট্রাম্পের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য এবং প্রযুক্তি বিনিয়োগকারী ডেভিড স্যাকস অবশ্য এআই প্রতিষ্ঠানগুলোর প্রতি নিজেদের উদ্যোগে নিয়ন্ত্রণ আরোপের আহ্বান জানিয়েছেন। তাঁর বক্তব্য, অন্য কারও অনুমতির অপেক্ষায় না থেকে প্রতিষ্ঠানগুলোর নিজেদের উদ্যোগেই এআই উন্নয়নের গতি নির্ধারণ করা উচিত।

 

তবে এআই নিয়ন্ত্রণের প্রশ্নে দুই দলের মধ্যে কিছুটা ঐকমত্যও দেখা যাচ্ছে। জুলাইয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইনপ্রণেতাদের একটি দল ‘ফ্রন্টিয়ার অ্যাক্ট’ নামে একটি দ্বিদলীয় বিল উত্থাপন করে। এতে এআইয়ের জন্য জাতীয় পর্যায়ে নিরাপত্তা ও তদারকির একটি কাঠামো তৈরির প্রস্তাব রাখা হয়েছে।

 

বিলটির সহ-উদ্যোক্তা ডেমোক্র্যাট প্রতিনিধি লরি ট্রাহান বলেন, নিরাপত্তা গবেষকেরা পদত্যাগ করছেন, শক্তিশালী এআই মডেলগুলো নিয়ন্ত্রণব্যবস্থা ভেঙে বেরিয়ে আসছে এবং এরপরও প্রতিষ্ঠানগুলো উন্নয়নের প্রতিযোগিতায় এগিয়ে চলেছে। তাঁর মতে, এমন পরিস্থিতিতে কংগ্রেসের আর নীরব থাকার সুযোগ নেই।