logo

উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ডেইলি স্টার ব্যানার
Published: 14 September, 2026
photo
উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

এশিয়ান গেমসে নারী ফুটবলের গ্রুপ পর্বে বাংলাদেশের শুরুটা হয়েছে চরম হতাশার মধ্য দিয়ে। নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধেই বাংলাদেশের জালে সাতবার বল পাঠায় উত্তর কোরিয়া। মারিয়া মান্দাদের দল পুরো ম্যাচজুড়েই প্রতিপক্ষের আক্রমণের সামনে কোনো কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। আন্তর্জাতিক ফুটবলে এটাই বাংলাদেশ নারী দলের সবচেয়ে বড় ব্যবধানে হার।

 

জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশকে চাপে রাখে উত্তর কোরিয়া। ধারাবাহিক আক্রমণে বাংলাদেশের রক্ষণভাগ একপ্রকার দিশেহারা হয়ে পড়ে। প্রথমার্ধের ৪৫ মিনিটেই সাত গোল হজম করতে হয় বাংলাদেশকে। বিরতির পর উত্তর কোরিয়া আক্রমণের ধার কিছুটা কমিয়ে আনলেও বাংলাদেশের দুর্দশা শেষ হয়নি। দ্বিতীয়ার্ধে আরও তিন গোল করে তারা ১০-০ ব্যবধানে জয় নিশ্চিত করে।

 

উত্তর কোরিয়ার হয়ে জোড়া গোল করেন জন রং, চাই উন ও কিম কিয়ং। ম্যাচের ষষ্ঠ মিনিটে গোল করে গোলের সূচনা করেন জন রং। এর চার মিনিট পর, ১০ মিনিটে আবারও বাংলাদেশের জালে বল পাঠিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

 

অবশ্য ম্যাচের তৃতীয় মিনিটেই বাংলাদেশের জালে বল জড়িয়েছিল উত্তর কোরিয়া। তবে রি সংয়ের সেই গোলটি ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পর্যালোচনার পর বাতিল হয়ে যায়। এতে সাময়িকভাবে বড় বিপদ থেকে বেঁচে যায় বাংলাদেশ।

 

তবে সেই স্বস্তি স্থায়ী হয়নি। ১২তম মিনিটে হোয়াং ইউ গোল করে উত্তর কোরিয়াকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন। এরপর ১৮ মিনিটে চতুর্থ গোলটি করেন চাই উন। ৩৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে তিনি ব্যবধান বাড়িয়ে করেন ৫-০।

 

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আরও দুই গোল হজম করে বাংলাদেশ। ৪০ ও ৪৩ মিনিটে পরপর গোল করে কিম কিয়ং নিজের জোড়া গোল পূর্ণ করেন। ফলে বিরতিতে ৭-০ গোলের বড় ব্যবধানে পিছিয়ে থাকে বাংলাদেশ।

 

প্রথমার্ধে উত্তর কোরিয়ার একতরফা দাপটের পর দ্বিতীয়ার্ধেও স্বস্তি ফেরেনি বাংলাদেশের শিবিরে। আক্রমণের তীব্রতা কিছুটা কমিয়ে দিলেও আরও তিনবার বাংলাদেশের জালে বল পাঠায় উত্তর কোরিয়া। শেষ পর্যন্ত ১০-০ গোলের বিশাল পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশ নারী দলকে।