logo

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দেওয়ার রায় আপাতত বহাল

ডেইলি স্টার ব্যানার
Published: 14 September, 2026
photo
ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দেওয়ার রায় আপাতত বহাল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘গ্রামীণ কল্যাণ’-এর কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায় আপাতত বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

 

সোমবার গ্রামীণ কল্যাণের করা আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার আদালত এ আদেশ দেন।

 

আদেশে আদালত স্পষ্টভাবে জানিয়েছেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়া পর্যন্ত এ মামলায় তারা কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না। শুনানিতে গ্রামীণ কল্যাণের পক্ষে ছিলেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ।

 

শুনানি শেষে ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ গণমাধ্যমকে বলেন, হাইকোর্টের রায় আপাতত বহাল থাকলেও পূর্ণাঙ্গ রায় প্রকাশিত না হওয়া পর্যন্ত এনবিআর এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারবে না। রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল অফিস থেকেও আদালতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানান আইনজীবীরা।

 

এর আগে গত ১০ সেপ্টেম্বর গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের পক্ষে রায় দেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে আগে জারি করা রুল খারিজ করে ওই রায় দেন।

 

এনবিআর দাবি করা অতিরিক্ত এই করের বৈধতা চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে দুটি রিট পিটিশন করা হয়েছিল। হাইকোর্ট রিট দুটি নামঞ্জুর করার পর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চেম্বার আদালতে রায় স্থগিতের আবেদন করা হয়।

 

বর্তমান আদেশের ফলে পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আইনি লড়াই আপাতত এই পর্যায়েই থাকছে।