logo

৬ ফুট ৫ ইঞ্চির হালান্ডকেও খুদে’ বানিয়ে দিলেন দ্য মাউন্টেন

Daily Star Banner
Published: 15 September, 2026
photo
.

ফুটবল মাঠে ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার আর্লিং হালান্ডকে দেখে প্রতিপক্ষের রক্ষণভাগের অনেকেরই ঘুম হারাম হওয়ার জোগাড়। কিন্তু ম্যানচেস্টার ডার্বির পর ভাইরাল হওয়া একটি ছবিতে সেই হালান্ডকেই দেখা গেল বেশ ‘খাটো’! কারণ, পাশে দাঁড়িয়ে থাকা মানুষটি যে ‘দ্য মাউন্টেন’ নামে পরিচিত!


ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ছবিটি। সেখানে হালান্ডকে দেখা যায় জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর ‘দ্য মাউন্টেন’ চরিত্রে অভিনয় করা আইসল্যান্ডের সাবেক স্ট্রংম্যান হাফথোর জুলিয়াস বিয়র্নসনের সঙ্গে।


প্রায় ৬ ফুট ৯ ইঞ্চি উচ্চতার বিয়র্নসনের দৈহিক গড়নও রীতিমতো বিশাল। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আরেক ভাইকিংয়ের সঙ্গে দেখা হলো। ’ তবে দুই ‘দৈত্যকায়’ তারকার ছবিতে নজর কেড়েছে অন্য বিষয়- হালান্ডের পাশেও বিয়র্নসনকে এতটাই বিশাল দেখাচ্ছে যে নরওয়েজিয়ান ফরোয়ার্ডকেই তুলনামূলক ছোট মনে হচ্ছে। এ নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা রসিকতা।


ছবিটি ভাইরাল হওয়ার পেছনে অবশ্য ডার্বির উত্তেজনাও কম নয়। গত রবিরের ম্যাচে প্রথমার্ধেই ফিল ফোডেন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ম্যানচেস্টার সিটি। এরপরও ম্যাচের ৬০তম মিনিটে হালান্ডের গোলেই জয় নিশ্চিত করে সিটিজেনরা।


ম্যানচেস্টার ডার্বিতে এটি হালান্ডের নবম গোল। এর ফলে সিটির হয়ে ডার্বিতে দ্বিতীয় সর্বোচ্চ গোল করা সার্জিও অ্যাগুয়েরোর রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। গোলটি অফসাইড কি না, তা নিয়ে ভিএআরের সিদ্ধান্ত ঘিরে কিছুটা বিতর্ক থাকলেও শেষ পর্যন্ত গোল বহাল থাকে। এই জয়ে প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচে জয়ের ধারাও ধরে রাখে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে, বিয়র্নসনও কম যান না। ৩৭ বছর বয়সী এই সাবেক স্ট্রংম্যান সম্প্রতি বার্মিংহামে অনুষ্ঠিত ‘জায়ান্টস লাইভ স্ট্রংম্যান ওপেন’-এ ৫০.৫ পয়েন্ট নিয়ে প্রথম হয়েছেন।


ফলে ডার্বির দিন দুই ভিন্ন জগতের দুই ‘দৈত্যকায়’ তারকার এই সাক্ষাৎ এখন ক্রীড়াপ্রেমীদের জন্য বাড়তি বিনোদনের কারণ হয়ে দাঁড়িয়েছে। মাঠে ডিফেন্ডারদের কাছে ত্রাস হালান্ডও যে অন্তত একজনের পাশে দাঁড়িয়ে ‘ছোট’ হতে পারেন- ভাইরাল ছবিটি যেন তারই প্রমাণ।