logo

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

ডেইলি স্টার ব্যানার
Published: 18 September, 2026
photo
রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার জুমার নামাজের পর থেকে সন্ধ্যার দিকে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

জানা গেছে, জুমার নামাজের পর প্রথমে মালিবাগ রেলগেটের কাছে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরিত হয়। পুলিশ জানিয়েছে, ফ্লাইওভারের ওপর থেকে ককটেল দুটি ছোড়া হয়েছিল।

 

এরপর সন্ধ্যার দিকে মহাখালী এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনসংলগ্ন সড়কে আরও একটি ককটেল বিস্ফোরিত হয়। তবে তাৎক্ষণিকভাবে এসব ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

 

এ বিষয়ে দুপুরে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, ‘জুমার নামাজের পরপরই ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ছোড়া হয়। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে। ফ্লাইওয়ের প্রবেশমুখের সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই করা হচ্ছে।’

 

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে চলন্ত মোটরসাইকেল থেকে সুপ্রিম কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ওইদিন জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির গেটের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

 

পরে রাত পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় আরও ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রথমে জগন্নাথ হল গেট এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এর কিছুক্ষণ পর টিএসসি এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।