Daily Star Banner
দেশের সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।
এলজিইডির নির্বাহী ও সহকারী প্রকৌশলীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশ একটি ছোট দেশ এবং এখানে বিপুলসংখ্যক মানুষ বসবাস করে।
সম্পদের সীমাবদ্ধতা বিবেচনায় রেখেই কাজ করতে হবে। কোনো কাজ করতে যদি ১০ কোটি টাকা প্রয়োজন হয়, তাহলে কীভাবে ৭ বা ৮ কোটি টাকার মধ্যে তা করা যায়, সেই চেষ্টা করতে হবে।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনের মিলনায়তনে এলজিইডির উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় ড. আবদুল মঈন খান বলেন, সারা দেশের গ্রামীণ অবকাঠামো ও জনপদের উন্নয়নের চাবিকাঠি এই কক্ষে থাকা প্রায় ৫ হাজার ৬০০ কর্মকর্তার হাতে। তবে শুধু চাবি থাকলেই হবে না, সেটি সঠিক দিকে ঘোরাতে হবে। সঠিকভাবে কাজ করলে দেশের উন্নয়ন হবে, আর ভুল সিদ্ধান্তের কারণে উন্নয়ন বাধাগ্রস্ত হবে।
তিনি বলেছেন, দেশের গ্রামীণ অবকাঠামো ও জনপদের উন্নয়নের চাবিকাঠি এলজিইডির কর্মকর্তাদের হাতে। সেই চাবি সঠিকভাবে ঘোরাতে পারলে উন্নয়ন হবে, আর ভুলভাবে ঘোরালে উন্নয়ন থেমে যাবে।
তিনি বলেন, কর্মকর্তাদের নিজেদের গুরুত্বপূর্ণ দায়িত্ব সম্পর্কে সজাগ থাকতে হবে। প্রায় ৩৫ বছর আগে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এলজিইডি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন এবং এর গুরুত্ব অনুধাবন করেছিলেন।
মঈন খান বলেন, বিগত ১৭ বছরে কীভাবে অপচয় হয়েছে এবং সেই অপচয় কার মাধ্যমে হয়েছে, তা সবাই জানেন। জনগণের সম্পদ রক্ষা ও সঠিকভাবে ব্যবহার করা দায়িত্বশীলদের কর্তব্য। জনগণ যে দায়িত্ব দিয়েছে, তার অংশ হিসেবে রাষ্ট্রীয় সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।
কর্মকর্তাদের কাজে ‘মোটিভেশন’ বা প্রেরণাকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, জনগণের সেবা করার জন্য কাজ করছি-এ বিশ্বাস থাকলে দায়িত্বও যথাযথভাবে পালন করা সম্ভব হবে।
আলোচনা সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।