Daily Star Banner
দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলা ও জনসচেতনতা বাড়াতে সায়েন্টিফিক সেমিনার এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং রোগের বিস্তার নিয়ন্ত্রণে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম. এ. মুহিত এমপি এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম। ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, "ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর করলে হবে না। জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ডেঙ্গুর বিস্তার ঠেকাতে চিকিৎসক সমাজের পাশাপাশি সাধারণ মানুষকেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।" তিনি আরও জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীর দ্রুত শনাক্তকরণ ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি জনগণের সচেতনতা বাড়াতে ড্যাব জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
সেমিনারে অন্যান্য বক্তারা ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি নিয়মিত অপসারণ করা, মশার প্রজননস্থল বিনাশ করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সেন্ট্রাল ড্যাবের সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যাপক খালেকুজ্জামান দীপু, হলি ফ্যামিলি ড্যাবের সভাপতি ডা. কে এম মাসুদ আক্তার জিতু, সাধারণ সম্পাদক ডা. কে এম জিয়াউর রহমান, ড্যাবের সায়েন্টিফিক সেক্রেটারি ডা. মো. সায়েম এবং হলি ফ্যামিলির প্রিন্সিপাল ও ড্যাবের ভাইস চেয়ারম্যান অধ্যাপক মুজিবুল হক দোয়েল।
আলোচনা সভা শেষে ডেঙ্গু প্রতিরোধ ও করণীয় বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে সবার মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।