logo

নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন: চিকিৎসাধীন ৮৮ শিক্ষার্থী, হাসপাতালে পাশে দাঁড়াল 'ড্যাব

Daily Star Banner
Published: 11 November, 2026
photo
.

নারায়ণগঞ্জের সাইনবোর্ডের শান্তিধারা এলাকায় অবস্থিত ‘জামিয়া আশরাফিয়া মাদ্রাসা’র লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১০ নভেম্বর দিবাগত রাতে সংঘটিত এ অগ্নিকাণ্ডে ধোঁয়ায় অসুস্থ হয়ে মোট ৮৮ জন শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হন।


ঘটনার পর আহত শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং তাঁদের পাশে দাঁড়াতে হাসপাতালে ছুটে যান ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল এবং বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ও ড্যাবের সহ-সভাপতি ডা. পারভেজ রেজা কাকন চিকিৎসাধীন শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি দেখা করেন। তাঁরা শিক্ষার্থীদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং গভীর সহমর্মিতা প্রকাশ করেন।


পরিদর্শনকালে ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আহত শিক্ষার্থীদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করেন। ড্যাব নেতৃবৃন্দ চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের চিকিৎসার বিষয়ে বিস্তারিত শোনেন এবং তাঁদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে তাঁরা শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন।


এ সময় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, অগ্নিকাণ্ডের ধোঁয়ায় অসুস্থ হয়ে আসা ৮৮ জন শিক্ষার্থীর মধ্যে বর্তমানে ৩৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

 

উক্ত পরিদর্শনকালে ড্যাবের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. সামিউল হাসান বাবু, যুগ্ম মহাসচিব ডা. মো. মনোয়ার সাদাত, দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল, আইনবিষয়ক সম্পাদক ডা. এম. আর. হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. আমিরুল ইসলাম পাভেল, সহ-মানবাধিকার সম্পাদক ডা. আসলামুল রুদ্র, সহ-সাহিত্যবিষয়ক সম্পাদক ও ইনস্টিটিউটের সহকারী পরিচালক ডা. মো. শফিকুল আলম সুমন, সহকারী পরিচালক ও সহকারী অধ্যাপক ডা. অভিজিত সরকার এবং আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদার প্রমুখ।