logo

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নিন্সে র‍্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

Daily Star Banner
Published: 14 November, 2026
photo
.

বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে ‘ডায়াবেটিস প্রতিরোধে দ্রুত পদক্ষেপ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল (নিন্স)-এর উদ্যোগে র‍্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় নিন্সের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিশেষ পরিস্থিতি ও হাসপাতালে ভর্তি রোগীদের ডায়াবেটিস ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব ও প্রধান অতিথির বক্তব্য রাখেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান। তিনি বলেন, ডায়াবেটিস বর্তমানে একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। এ রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার পাশাপাশি দ্রুত রোগ শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে হাসপাতালে ভর্তি রোগীদের ক্ষেত্রে ডায়াবেটিস ব্যবস্থাপনায় বাড়তি সতর্কতা প্রয়োজন। রোগীর শারীরিক অবস্থা, অন্যান্য জটিলতা ও চিকিৎসার ধরন বিবেচনায় নিয়ে সমন্বিত চিকিৎসা দিতে হবে। এ বিষয়ে চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের আরও দক্ষ ও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।


অধ্যাপক ডা. নুরুজ্জামান খান আরও বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়মিত রক্তে গ্লুকোজ পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হাসপাতাল ও স্বাস্থ্যসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান। তিনি বলেন, সচেতনতা বৃদ্ধি, সময়মতো রোগ শনাক্তকরণ এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থার যথাযথ প্রয়োগের মাধ্যমে ডায়াবেটিসের জটিলতা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। বিশেষ করে হাসপাতালে ভর্তি রোগীদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে চিকিৎসকদের সমন্বিত ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।


সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এন্ডোক্রাইনোলজিস্ট ও মেডিকেল অফিসার ডা. শাহিনুর সিদ্দিকী এবং ডা. মো. আমিরুজ্জামান। তাঁরা বিশেষ পরিস্থিতিতে এবং হাসপাতালে ভর্তি রোগীদের ডায়াবেটিস ব্যবস্থাপনার বিভিন্ন দিক, আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রয়োজনীয় সতর্কতা নিয়ে আলোচনা করেন।


অনুষ্ঠানে প্যানেল অব এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. আবদুল আলীম, অধ্যাপক ডা. মাহমুদুল ইসলাম, অধ্যাপক ডা. ইয়ামিন শাহরিয়ার চৌধুরী, অধ্যাপক ডা. মো. জয়নুল ইসলাম, অধ্যাপক ডা. আবু জাফর মো. সাইফুদ্দিন, অধ্যাপক ডা. ফারহাদ হোসেন চৌধুরী, অধ্যাপক ডা. মোহাম্মদ সাঈদ হাসান, অধ্যাপক ডা. আশরাফুল হক মারুফ এবং সহযোগী অধ্যাপক ডা. রুস্তম আলী (মধু)।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এন্ডোক্রাইনোলজিস্ট ও মেডিকেল অফিসার ডা. রেহনুমা তাসনিন এবং কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন ডা. মো. ফারহান লাবিব।


নিন্সের এন্ডোক্রাইনোলজি ইউনিটের আয়োজনে এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বৈজ্ঞানিক সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন। সেমিনারের আগে আয়োজিত র‍্যালির মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও চিকিৎসা বিষয়ে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।