ডেইলি স্টার ব্যানার
সাবেক স্বাস্থ্য সচিব ও আওয়ামী লীগের স্থানীয় নেতাদের নাম তালিকায়
গোপালগঞ্জে সাম্প্রতিক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাসহ ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা ইউনিট। একই সঙ্গে এসব ব্যক্তির মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)–এর লেনদেনও খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া আরও চারটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব পর্যালোচনা করছেন এনবিআরের চারটি গোয়েন্দা ইউনিটের কর্মকর্তারা।
এনবিআরের একটি গোয়েন্দা ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সাম্প্রতিক আন্দোলন ও সহিংসতার সময় এসব ব্যক্তির অনেকে মাঠপর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ডে ভূমিকা পালন ও নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি তাদের আর্থিক সংশ্লিষ্টতার বিষয়ে প্রাথমিক গোয়েন্দা তথ্য পাওয়ায় ব্যাংক হিসাব জব্দ এবং আর্থিক লেনদেন অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্যাংক হিসাব অবরুদ্ধের তালিকায় রয়েছেন সাবেক স্বাস্থ্য সচিব সিরাজুল হক খান ও তাঁর স্ত্রী আশরাতুন নাহার। এ ছাড়া গোপালগঞ্জের পাঁচ উপজেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ নেতা এবং স্থানীয় সরকারের সাবেক জনপ্রতিনিধিদের নামও রয়েছে।
তালিকাভুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী খাসরুল আলম, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুল, সাবেক ভাইস চেয়ারম্যান সুশীল বিশ্বাস শিপন এবং মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার।
এ ছাড়া মুকসুদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. কাবির মিয়া, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ ও সভাপতি ভবেন্দ্র নাথ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. বাবুল শেখ এবং কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মোক্তার হোসেনের নাম রয়েছে।
মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম রিফাতুল আলম মুছাও রয়েছেন ব্যাংক হিসাব জব্দ ও আর্থিক লেনদেন অনুসন্ধানের তালিকায়। তিনি মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদারের ছেলে। উল্লেখ্য, ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর মো. কাবির মিয়া এবং ২০২৫ সালে কামরুজ্জামান ভূঁইয়া লুটুল গ্রেপ্তার হন।
এদিকে সাবেক স্বাস্থ্য সচিব সিরাজুল হক খানকে গত ১৯ নভেম্বর রাজধানীর বেইলি রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। জুলাই আন্দোলনের সময় মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী মো. সাগর আহম্মেদ হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আয়-ব্যয় ও অর্থের উৎস যাচাই
এনবিআর সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির অধীনে চারটি গোয়েন্দা ইউনিট রয়েছে। এগুলো হলো কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভ্যাট গোয়েন্দা) এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এসব ইউনিটের কর্মকর্তারা যৌথভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব ও আর্থিক লেনদেন যাচাই করছেন।
এর মধ্যে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট সংশ্লিষ্ট ব্যক্তিদের কর নথির সঙ্গে আয়-ব্যয়ের হিসাব, ব্যাংক লেনদেন এবং বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার তথ্য মিলিয়ে দেখছে। একই সঙ্গে তাঁদের আয়ের উৎস ও আর্থিক লেনদেনের প্রকৃত উদ্দেশ্য অনুসন্ধান করা হচ্ছে।
গোয়েন্দা দলের এক সদস্য জানান, প্রাথমিক গোয়েন্দা তথ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের আন্দোলনে নেতৃত্ব দেওয়া এবং অর্থায়নের মাধ্যমে সক্রিয় থাকার তথ্য পাওয়া গেছে। এ কারণে তাঁদের ব্যাংক হিসাব ও এমএফএস লেনদেনের তথ্য সংগ্রহ করে যাচাই করা হচ্ছে।
সহিংসতার পর আর্থিক লেনদেনে নজরদারি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটে। এর ধারাবাহিকতায় গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় পরিস্থিতির অবনতি হয়। সড়ক অবরোধের পাশাপাশি বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এসব সহিংসতায় বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি ও পারিবারিক প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ ওঠে। পাশাপাশি থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করে সরকার।
এসব ঘটনার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক লেনদেন, সম্ভাব্য অর্থায়ন এবং অর্থের উৎস অনুসন্ধানে এনবিআরের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে তদন্তের মাধ্যমে আর্থিক সংশ্লিষ্টতা ও অভিযোগের সত্যতা চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন।