ডেইলি স্টার ব্যানার
নিরাপত্তা শঙ্কায় বন্ধ সেবা, স্থগিত হচ্ছে সরকারি বরাদ্দও
গোপালগঞ্জের সঙ্গে বন্ধ থাকা ট্রেন যোগাযোগ আপাতত চালুর পরিকল্পনা নেই সরকারের। একইভাবে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রমও শিগগির স্বাভাবিক হচ্ছে না। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও নতুন করে নাশকতার আশঙ্কা বিবেচনায় এসব সেবা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচল পুনরায় চালু এবং ক্ষতিগ্রস্ত থানা দুটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। এদিকে গোপালগঞ্জে বিভিন্ন সরকারি বরাদ্দও সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।
রেলপথ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, গত ১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ, ভাঙচুর ও সহিংসতার ঘটনার পর থেকে গোপালগঞ্জের সঙ্গে অন্যান্য জেলার ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। বর্তমান পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ রুটে ট্রেন চলাচল পুনরায় শুরুর বিষয়ে ভাবছে না সরকার। আগামী মাসে আওয়ামী লীগের কয়েকটি কর্মসূচি থাকায় নতুন করে হামলা, ভাঙচুর ও নাশকতার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সচিবালয় সূত্রে জানা গেছে, অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম পুনরায় চালুর জন্য স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে। তবে থানা দুটি সংস্কার করে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করতে আরও সময় প্রয়োজন। বর্তমানে এ দুই থানার কার্যক্রম গোপালগঞ্জ সদর থানা থেকে পরিচালিত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সংস্কারকাজ শুরু করা হবে।
গোপালগঞ্জে সরকারি বরাদ্দ স্থগিত
এদিকে গোপালগঞ্জে আপাতত বিভিন্ন সরকারি বরাদ্দ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একাধিক সরকারি সূত্র জানিয়েছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলোকে যে অর্থসহায়তা দেওয়া হয়, তার তৃতীয় কিস্তির অর্থ গোপালগঞ্জে ছাড় করা হবে না।
সাধারণত এসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানে চার কিস্তিতে অর্থসহায়তা দেওয়া হয়। সে অনুযায়ী আগামী জানুয়ারি থেকে মার্চ মেয়াদের কিস্তির অর্থ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।
থানা সংস্কারে লাগবে সময়
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘ট্রেন যোগাযোগ চালুর বিষয়টি রেলপথ মন্ত্রণালয় দেখবে। পুড়ে যাওয়া দুটি থানার পুলিশ সদস্যরা ওই জেলাতেই কর্মরত রয়েছেন।’
তবে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম কবে নাগাদ পুনরায় চালু করা সম্ভব হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানাননি তিনি।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির বলেন, ‘পুড়ে যাওয়া থানা দুটির সংস্কারকাজ শুরু হয়নি। এতে কিছুটা সময় লাগবে। ট্রেন সেবাও এখনো চালু হয়নি। এ সেবা চালু হতে সময় লাগবে।’
সব মিলিয়ে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গোপালগঞ্জে রেল যোগাযোগ, ক্ষতিগ্রস্ত থানার কার্যক্রম এবং সরকারি বরাদ্দ নিয়ে সরকারের সিদ্ধান্তে পরিবর্তনের সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না।